রিপন মারমা, রাঙামাটি : “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন” এই স্লোগানকে সামনে রেখে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো ‘শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নিউ মার্কেট স্কুল মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবারের টুর্নামেন্টে মোট ১৩টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ প্রতিযোগিতার পর ফাইনালে মুখোমুখি হয় নিমকি বাজার এবং সোনালী অতীত ক্লাব। ফাইনাল ম্যাচটি ৬০ মিনিট ধরে অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাকর এই ফাইনালে প্রথমার্ধের ৩০ মিনিটে দুর্দান্ত এক গোল করে সোনালী অতীত ক্লাব ১-০ ব্যবধানে এগিয়ে নেন মো. কামরুল। এরপর দ্বিতীয়ার্ধের শেষ ৩০ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় ও নিশ্চিত জয়সূচক গোলটি করেন কেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সোনালী অতীত ক্লাব।

চমৎকার এই পুরো ফাইনাল খেলাটি সফলভাবে পরিচালনা করেন রেফারি মইনুল হক সুমন। তাকে সহকারী রেফারি হিসেবে সাহায্য করেন, সফিউল আলম মনু ও নিজাম উদ্দিন।

উল্লেখ্য, গত ৫ জুলাই ১৩টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল, যেখানে প্রতিটি দলে ৬ জন খেলোয়াড় ও ২ জন অতিরিক্তসহ মোট ৮ জন খেলোয়াড় নিয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান আকর্ষণ ও টুর্নামেন্ট সফল করতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপ-ব্যবস্থাপক (যাঃ সঃ), কপাবিকে, কাপ্তাই, সাইফুর রহমান, নির্বাহী প্রকৌশলী, কপাবিকে, কাপ্তাই, কয়সুল বারী, সহকারী পরিচালক ( নিরাপত্তা ও অনুসন্ধান) সাখাওয়াত কবির, রাঙামাটি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, উপজেলা বিএনপি সভাপতি মো: লোকমান আহমেদ, কাপ্তাই ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ ইউসুফ,সাধারণ সম্পাদক কামাল হাকিম, কাপ্তাই প্রেসক্লাবে সভাপতি মাহফুজ আলম, সাধারণ সম্পাদক রিপন মারমা প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ বেলাল হোসেন।
ফাইনাল ম্যাচ শেষে অসাধারণ নৈপুণ্যের জন্য নিম্নোক্ত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়
ম্যান অব দ্যা ম্যাচ মোঃ কামরুল, সেরা খেলোয়াড় কেনি,সেরা গোলকিপার জিসান খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো টুর্নামেন্টটি একটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

(আরএম/এসপি/আগস্ট ১৪, ২০২৬)