৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা
স্টাফ রিপোর্টার : দক্ষিণপূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এটি বর্তমানে সাধারণ লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে এবং ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপটি দুর্বল হলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়ার পরবর্তী পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট সবাইকে আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
(ওএস/এএস/আগস্ট ১৫, ২০২৬)
