স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘যাচাই-বাছাই শেষে আমি আপনাদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করছি।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।

রাষ্ট্রপতি নির্বাচনে সব বৈধ প্রার্থীর নাম যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ইসি। এরপর বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।

এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপি একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য দুটি মনোনয়নপত্র জমা দেয়।

(ওএস/এএস/আগস্ট ১৬, ২০২৬)