রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা ও হয়রানি বন্ধে সাংবাদিকদের পাশে থাকার আশাবাদ পুনব্যক্ত করেছে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন (এফইউজে)। শুক্রবার রাতে ফরিদপুরে সাংবাদিক ইউনিয়নের এক গুরুত্বপূর্ণ সভায় এসব নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া, এ সভায় সারাদেশে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা-হয়রানি বন্ধে এবং সদস্যদের পেশাগত মানোন্নয়নে আরও বেশি কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সেই সাথে এ সভা থেকে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা, হামলা ও নানামুখী হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কারাবন্দী নিরপরাধ সাংবাদিকদের বিনা বিচারে দীর্ঘদিন জেলে না রেখে তাঁদের জামিন দিয়ে, তাঁদের সবার ন্যায় বিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুর পরিচালনায় সভায় এফইউজের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের নিকট রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে হবে। এছাড়া, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি জানান তারা।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে এ সভায়- ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা, আপদকালীন সহায়তা সহ সাংবাদিকদের সার্বিক কল্যাণ নিশ্চিতে বেশকিছু গুরুত্বপূর্ণ ও কল্যাণমুখী সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়েছে।

(আরআর/এএস/আগস্ট ১৬, ২০২৬)