চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকা থেকে দুধরাজ সাপ উদ্ধার
রিপন মারমা, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকার কো-অপারেটিভ মার্কেটের একটি সবজি দোকান থেকে শুক্রবার রাতে একটি নির্বিষ তামাটে মাথার দুধরাজ সাপ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই বাজারের সবজি বিক্রেতা সাইফুলের দোকানে সাপটি দেখতে পান ব্যবসায়ীরা। পরে বিষয়টি স্থানীয় দোকানদার রাতুলকে জানানোর পর তিনি 'ওয়াইল্ড লাইফ স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ'-এর কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমনকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন ইমরান হোসেন। এ সময় তাকে সহযোগিতা করেন ফয়সল।
উদ্ধারকারী ইমরান হোসেন জানান, দুধরাজ একটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। এ ধরনের সাপ লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের সাথে যোগাযোগ করার জন্য তিনি স্থানীয়দের পরামর্শ দেন।
সাপটিকে কোনোভাবেই না মেরে প্রকৃতিতে এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "দুধরাজ সাপ প্রকৃতিবান্ধব প্রাণী। এরা ক্ষতিকর পোকামাকড় ও ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
উদ্ধারকৃত সাপটিকে পরবর্তীতে যথাযথ নিয়মে বন বিভাগের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
(আরএম/এএস/আগস্ট ১৬, ২০২৬)
