স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আসামির আইনজীবীর যুক্তি উপস্থাপন ফের সোমবার (১৭ আগস্ট)।

রবিবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার পর্যন্ত মুলতবি করেন।

এ মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীরা হলেন- এম হাসান ইমাম ও ইশরাত জাহান।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, আসামিপক্ষে যুক্তি উপস্থাপন চলছে। এর আগে তারা দুদিন যুক্তি উপস্থাপন করেছে। আজকে তৃতীয় দিনের মতো শেষ করেছে।

আগামীকালকেও তাদের যুক্তিতর্ক উপস্থাপন চলবে। তাদের যুক্তিতর্ক শেষ হলে আমরা জবাব দেব।

জবাব দেওয়ার পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হতে পারে অথবা রায়ের জন্য তারিখ নির্ধারিত হতে পারে।

এর আগে গত বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এতে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। একইসঙ্গে তাদের সম্পত্তিও বাজেয়াপ্তের আদেশ চেয়েছে প্রসিকিউশন।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

(ওএস/এএস/আগস্ট ১৬, ২০২৬)