রেল পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ১
ঈশ্বরদী প্রতিনিধি : বগুড়ার সান্তাহার রেলস্টেশনে অভিযান চালিয়ে ১১টি নেশাজাতীয় ইনজেকশনসহ মো. শিমুল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। উদ্ধার ইনজেকশনগুলোর আনুমানিক মূল্য ২ হাজার ৮০০ টাকা।
আজ রবিবার সকালে সান্তাহার রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে আরএনবি অফিসের সামনে এ অভিযান চালানো হয়। পাকশি রেলওয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, সান্তাহার রেলওয়ে থানার জিডি নং-৬৫১-এর সূত্রে প্ল্যাটফর্মে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যক্তি মাদক বহন করছে বলে জানতে পারে পুলিশ। পরে ৩ নম্বর প্ল্যাটফর্মে টিকিটবিহীন এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় তার দেহ তল্লাশি করে প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১১টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শিমুল বগুড়া সদর থানার গোদারপাড়া উত্তরপাড়া এলাকার মৃত আজাহারের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(খ) ধারায় মামলা করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার মেহেদী হাসান জানিয়েছেন।
(এসকেকে/এসপি/আগস্ট ১৬, ২০২৬)
