ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে অর্ষা
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির কৃতি শিক্ষার্থী ফাহমিদা আক্তার অর্ষা। এ বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের একজন হিসেবে সাফল্য অর্জন করেছে সে। ছোটবেলা থেকেই মেধাবী অর্ষার স্বপ্ন—ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করা।
ফাহমিদা আক্তার অর্ষা (১৬) পড়াশোনায় বরাবরই মেধাবী। শিক্ষাজীবনের শুরু থেকেই তার রোল নম্বর ছিল এক। নগরকান্দা উপজেলার দফা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে সরকারি নগরকান্দা মহেন্দ্র নারায়ণ একাডেমির বিজ্ঞান শাখায় ভর্তি হয় সে।
২০২৩ সালে ক্যাডেট কলেজের লিখিত পরীক্ষায়ও উত্তীর্ণ হয় অর্ষা। তবে তার শিক্ষাজীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার দাদার স্বপ্ন। দাদা মৃত্যু ডা: মো: আবুল হোসেন মিয়া ইচ্ছা ছিল, অর্ষা ভবিষ্যতে চিকিৎসক হয়ে এলাকার সাধারণ মানুষের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করবে এবং সেখানে একজন রেজিস্টার্ড চিকিৎসক হিসেবে মানুষের সেবা করবে।
পড়াশোনার পাশাপাশি অর্ষার রয়েছে সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমেও আগ্রহ। গান, বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে।
অর্ষার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে অর্ষা।
অর্ষার স্বপ্ন শুধু একজন চিকিৎসক হওয়া নয়—নিজ এলাকার সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করাই তার বড় লক্ষ্য।
(পিবি/এসপি/আগস্ট ১৬, ২০২৬)
