তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে উঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতা উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের শতশত নারী পুরুষ সমাবেত হয়।
প্রতিযোগিতার শুরুর আগে বিশাল আকৃতির ২টি কলাগাছে ভালো ভাবে সরিষার তেল মাখে পুতে রাখা হয়। এরপর শুরু হয় প্রতিযোগিতা। প্রতি প্রতিযোগী যখন কলাগাছ বেয়ে উপরে ওঠার চেষ্টা করে তখন উপস্থিত দর্শকদের করতালিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। এ প্রতিযোগিতায় ১০ জন মৎস্যজীবী অংশগ্রহণ করেন।
এদের মধ্যে রাজু মন্ডল প্রথম, সঞ্জয় বাড়ৈ দ্বিতীয় ও রবিউল শেখ তৃতীয় স্থান লাভ করেন।
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
তৈলাক্ত কলাগাছ বেয়ে উপরে উঠা প্রতিযোগীতা দেখতে আসা মৎস্য ব্যবসায়ী মোক্তার সরদার বলেন, মৎস্যচাষীদের অংশগ্রহণে আজকে যে তৈলাক্ত কলাগাছ বেড়ে উপরে ওঠা প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো এটি খুবই উৎসবমুখর হয়েছে।আমার জানা মতে, মৎস্য পক্ষ উপলক্ষে কোটালীপাড়া উপজেলায় এ ধরনের আযোজন এটাই প্রথম। আমাদের এ ধরনের গ্রামীণ খেলা ধরে রাখা উচিত।
সংসদ সদস্য এস এস জিলানী বলেন, এ ধরনের গ্রামীন খেলা আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে।আমরা আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজন করবো।
এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদ সদস্য এস এম জিলানী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্যচাষীরা বক্তব্য দেন।
(বি/এসপি/আগস্ট ১৬, ২০২৬)
