প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা বাজারস্থ নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুইটি পিতলের মূর্তি চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া মূর্তি দুটির আনুমানিক ওজন ২২ কেজি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তদন্তে নেমেছে নগরকান্দা থানা পুলিশ।

আজ সোমবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে মূর্তি চুরির বিষয়টি দেখতে পান মন্দিরের সেবায়েত রমা চক্রবর্তী (৩০)। পরে মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে তিনি নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মন্দিরের তালা বন্ধ করে পাশের বাসায় চলে যান সেবায়েত রমা চক্রবর্তী। রাত সাড়ে ১২টার দিকে তিনি পুনরায় মন্দির পরিদর্শন করে বাসায় ফিরে যান। এরপর সোমবার ভোর ৬টার দিকে পূজা দিতে এসে দেখতে পান, মন্দিরের ভেতরে রাখা দুইটি পিতলের মূর্তি নেই।

সেবায়েতের ধারণা, রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা মন্দিরের তালা ভেঙে মূর্তি দুটি নিয়ে যায়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নগরকান্দা উপজেলা সভাপতি শ্রী রণদা প্রসাদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। অভিযোগটি তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(পিবি/এসপি/আগস্ট ১৭, ২০২৬)