ফরিদপুরের চিহ্নিত মাদক কারবারি বৃষ্টির কারাদণ্ড
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার চিহ্নিত মাদক কারবারি মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আলাদতে সোপর্দ করলে উভয় পক্ষের শুনানি তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে শহরের ২ নম্বর কুঠিবাড়ি গুহলক্ষীপুর এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি দল ওই এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বসতবাড়ির সামনের গলি থেকে মেহেরুন্নেসা বৃষ্টিকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
পরে আদালতের আদেশ অনুযায়ী দণ্ড কার্যকর করার জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, এর আগেও বৃষ্টি মাদকসহ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। কারাগার থেকে বের হয়ে আবারও তার সেই পুরোনো পেশা মাদক কারবারিতে যুক্ত হয়েছিলেন।
(আরআর/এএস/আগস্ট ১৮, ২০২৬)
