গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শিপন মিয়া (৩১) নামে এক অনলাইন জুয়ার এজেন্টকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত রবিবার রাতের দিকে শহরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সংলগ্ন মোড়ের একটি গ্যারেজে ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিপন মিয়া গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার বাসিন্দা মৃত বিলায়েত মিয়ার ছেলে।
গতকাল সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ জানান, ‘এনবিএজেইই’ অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা অবস্থায় শিপনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে মোট ৫১টি অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়।
অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এসব অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার পাশাপাশি পেশাদার এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। তিনি নগদ ও বিকাশের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করতেন।
এ ঘটনায় শিপন মিয়াকে আসামী করে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই সঞ্জয় মালো বাদী হয়ে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীকে সোমবার (১৭ আগস্ট) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও ওই কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তিতে উল্রেখ করেছেন।
(বি/এসপি/আগস্ট ১৮, ২০২৬)
