গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ডাম্প ট্রাক ও বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল আলম ৩ জনের মৃত্যুর তথ্য জানিয়ে ওই কর্মকর্তা বলেন, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ গামী সোনালী পরিবহনের একটি বাস বৌলতলীতে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর ট্রাকটি রাস্তার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শফিউল আলম।

(টিবি/এসপি/আগস্ট ১৮, ২০২৬)