দিনাজপুরে বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সিফা মনির
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের চাপায় সিফা মনি নামে দ্বিতীয় শ্রেণির (১০) এক নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে।
আজ মঙ্গলবার সকালের দিকে ফুলবাড়ী পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফা মনি ফুলবাড়ী পৌর শহরের নর্থপয়েন্ট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং
সফুলবাড়ী পৌরসভার উত্তর সুজাপুর গ্রামের ইসতমুল হকের মেয়ে।
স্থানীয় মখলেস, ইব্রাহিম, সোহাগ, জানান, সকালে স্কুলে যাওয়ার পথে ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী শাহি পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় সিফা মনি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নেয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন জনতা।
(এসএস/এসপি/আগস্ট ১৮, ২০২৬)
