রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয় থেকে উদ্ধার হওয়া প্রায় ১০ ফুট দীর্ঘ একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানের উপস্থিতিতে সাপটিকে নিরাপদে বন্যপ্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম (কর্ণফুলী পেপার মিলস) আবাসিক এলাকার এ ব্লকের একটি কলাবাগান থেকে সাপটি উদ্ধার করা হয়। কেপিএমের নিরাপত্তা প্রহরী মো. ইসমাইল হোসেনের বাসার পাশের ওই বাগান থেকে স্থানীয় এলাকাবাসী ও ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সদস্যরা যৌথভাবে অজগরটি উদ্ধার করেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ৯ কেজি। সাপটি সম্পূর্ণ সুস্থ থাকায় কাপ্তাই জাতীয় উদ্যানের সীতার পাহাড় এলাকায় এটিকে অবমুক্ত করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে রাম পাহাড় বন বিটের কর্মকর্তা মিঠু তালুকদার, ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসেন ইমন এবং সাপটি উদ্ধারকাজে সহায়তাকারী কেপিএমের কর্মচারী মো. আবুল হাসেম উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/আগস্ট ১৮, ২০২৬)