কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার সাজু ও রেবতী নিহত
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের দু’জন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। বুধবার রাত ১০টার দিকে এলাকায় খবর পৌঁছানোর পর ঘটনাটি নিশ্চিত করেছেন সাজুর পরিবারের সদস্যরা।
নিহত আলিমুজ্জামান সাজু (৪৫) কালিগঞ্জের তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত. ইউনুস সরদারের ছেলে। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী। অপরজন রেবতী সরকারের পূর্ণ ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সাজুর নিকটাত্নীয় মোখলেছুর রহমান পল্টু জানান, কোমরে ব্যাথার জন্য চিকিৎসক দেখাতে সপ্তাহ খানেক আগে সাজু ভারতে যায়। বুধবার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু রাত ১০টার দিকে বাড়িতে খবর আসে হোটেলের অগ্নিকাণ্ডে তিনি নিহত হয়েছেন।
প্রতিবেশী হাফিজুর রহমান হাফিজ জানান, সাজু অবিবাহিত ছিলেন। বছর পাঁচেক আগে হজ্ব করে এসেছিলেন। এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিতও ছিলেন। এক বছর আগে তার মা মারা গেছেন। বাবাও বেঁচে নেই। বাড়ির অন্য স্বজনরা সকলেই কান্নাকাটি করছেন। চার ভাইয়ের মধ্যে সাজু সবার ছোট। মেঝো ভাই রাজু সরদারও মারা গেছেন। বর্তমানে বড় ভাই সাহেব সরদার ও সেঝো ভাই উজ্জ্বল সরদার জীবিত আছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহিনুর রহমান জানান, নিহত ২ জনের বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই। তবে ঘটনাটি জানার পর বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
(আরকে/এএস/আগস্ট ২০, ২০২৬)
