স্টাফ রিপোর্টার : সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, এই অনুচ্ছেদের কারণে ভোটারদের মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সংসদ ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপদি নির্বাচনে বিরোধীদলের সব সংসদ সদস্য ভোট দিতে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বিগত দিনে ৭০ অনুচ্ছেদ পরিবর্তন হয়নি, তারই ধারবাহিকতায় সাংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে আজ। ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়েছিল। এরপর সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অলি আহমদ।

(ওএস/এএস/আগস্ট ২০, ২০২৬)