স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ভবিষ্যত ক্রিকেটারদের প্রস্তুত করতে এবার বয়সভিত্তিক পর্যায়ে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে আয়োজন করা হচ্ছে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট। আগামী ২৮ আগস্ট মাঠে গড়াবে প্রতিযোগিতাটি।

তিন বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের একই মঞ্চে খেলার সুযোগ করে দিতেই এই আয়োজন। প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৫০ ওভারের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এরপর একদিনের বিরতি দিয়ে মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল। প্রথম পর্বে প্রতিটি দলই অন্য দুই দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ফলে লিগ পর্বেই বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের অন্তত চারটি করে ম্যাচ খেলার সুযোগ থাকছে।

ডাবল রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল পাবে ফাইনালের টিকিট। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচ।

ফাইনালসহ টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। নতুন এই আয়োজনের মাধ্যমে একই সঙ্গে তিন বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ তৈরি হচ্ছে।

(ওএস/এএস/আগস্ট ২০, ২০২৬)