স্টাফ রিপোর্টার : কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ভারত। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, “এ ঘটনায় যা যা করার প্রয়োজন, তারা তা করবেন।”

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ সাত বাংলাদেশি নিহত হন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ভারতীয় হাইকমিশনার ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না এবং এ বিষয়ে তদন্ত করা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেননি দীনেশ ত্রিবেদী।

পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার সাক্ষাৎটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক। বৈঠকে কলকাতায় বাংলাদেশি নাগরিকদের নিহত হওয়ার বিষয়টি তিনি উত্থাপন করেননি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ভারতীয় পক্ষ প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী ওই আমন্ত্রণে সাড়া দিয়ে ভারত সফর করবেন।

(ওএস/এএস/আগস্ট ২০, ২০২৬)