লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নে অবৈধ বালু ভরাট কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন বিকল করার পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টিকারী পাইপ বিনষ্ট ও অপসারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার গাওদিয়া ইউনিয়নের পালগাঁও মৌজায় অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসের পেছনের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, উক্ত এলাকায় অবৈধভাবে বালু ভরাট কার্যক্রম চালানের বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শনে যান লৌহজংয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফানুর রহমান। সেখানে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে বালু ভরাটে ব্যবহৃত পাইপ শুরু থেকে শেষ পর্যন্ত কেটে বিনষ্ট করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়। এছাড়া সরকারি রাস্তার ওপর অনুমতি ছাড়া বসানো যেসব পাইপ জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিল, তা সম্পূর্ণ অপসারণ করা হয়।
অভিযান শেষে অবৈধ বালু ভরাট কাজ স্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং স্থানীয় জনসাধারণকে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো: এরফানুর রহমান জানান, সরকারি রাস্তা ও জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এমকে/এসপি/আগস্ট ২০, ২০২৬)
