শাহ্‌ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুরে পুনর্ভবা নদীতে ডুবে লিমন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আটক করা হয়েছে তার চার সহপাঠীকে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার উলিপুর থেকে শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার বিকেলে শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে ডুবে নিখোঁজ হয় লিমন।

নিহত লিমন দিনাজপুর শহরের সিপাহী পাড়ার লিটন ইলামের ছেলে। লিমন তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চার সহপাঠীকে আটক করা হয়।

আটককৃতরা হলো, রুহুল আমিন খান (১৬), আতিকুর রহমান (১৬), আবির হোসেন (১৬) ও তাজনিম রহমান (১৭)।

দিনাজপুর কোতয়ালী থানার এসআই সাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বুধবার বিকেলে দিনাজপুর শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে গোসল করার জন্য কয়েকজন শিক্ষার্থী নামেন। গোসলের এক পর্যায়ে লিমন পানিতে নিখোঁজ হন। পরে খোঁজ পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে।পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি অভিযানে অংশ নেন। বৃহস্পতিবার দুপুর ১টায় সদর উপজেলার উলিপুর গ্রাম নদীতে তার মরদেহ ভেসে উঠে। কোতয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এসআই সাহাদত হোসেন জানান, নিহতের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এসএস/এসপি/আগস্ট ২০, ২০২৬)