স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে উত্তেজনার মধ্যেই প্রতিপক্ষের খেলোয়াড়, বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানকে চড় দেওয়ার অপরাধে শাস্তি দেওয়া হয়েছে লিওনেল মেসিকে। মেসি এবং তার সতীর্থ ইয়ান ফ্রেকে আলাদা ঘটনায় জরিমানা করা হয়েছে। যদিও জরিমানার অংক প্রকাশ করা হয়নি।

মেজর লিগ সকার (এমএলএস) শুক্রবার জানিয়েছে, মেসি ও তার সতীর্থ ইয়ান ফ্রেকে আলাদা ঘটনায় অপ্রকাশিত অঙ্কের জরিমানা করা হয়েছে।

বুধবারের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমএলএসের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার নীতিমালা ভঙ্গ করায় মেসির বিরুদ্ধে এই আর্থিক শাস্তি দেওয়া হয়েছে।

কী ঘটেছিল?
দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে মেসি ও ফিলাডেলফিয়ার কুইন সুলিভানের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মেসি সুলিভানের মাথা-ঘাড়ের পেছনে হাত দিয়ে চড় মারার মতো একটি অঙ্গভঙ্গি করেন।

এরপর সুলিভানও মেসির মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়েন। ঘটনাটি ম্যাচের একেবারে শেষদিকে হওয়ায় মাঠের পরিবেশও দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও রেফারি ফিলিপ দুজিচ তখন দুজনকে আলাদা করে দেন। ঘটনাটি তার সরাসরি নজরে না থাকায় মেসি বা সুলিভানকে তখন কোনো কার্ড দেখানো হয়নি।

পরে ভিডিও পর্যালোচনা করে বিষয়টি আমলে নেয় এমএলএসের ডিসিপ্লিনারি কমিটি। শাস্তির কারণ হিসেবে মেসির ওই আচরণকেই চিহ্নিত করা হয়েছে।

একই ম্যাচে শাস্তি ফ্রেকেও
মেসিই শুধু নন, একই ম্যাচে ইন্টার মিয়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস। তার ঘটনাটিও সুলিভানকে ঘিরে।

অতিরিক্ত সময়ে সুলিভান বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে ফ্রের সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর ফ্রে সুলিভানের ঘাড়ে হাত দেন। পাল্টা প্রতিক্রিয়ায় সুলিভান উঠে ফ্রেকে ট্যাকল করেন। এই ঘটনায়ও প্রতিপক্ষের মাথা ও ঘাড়ে হাত দেওয়ার নীতিমালা ভঙ্গ হয়েছে বলে মনে করেছে লিগ।

শেষ দিকে জোড়া লাল কার্ড
ফ্রে-সুলিভানের ঘটনাটি পরে আরও বড় উত্তেজনার জন্ম দেয়। এর জেরে মিয়ামির ইয়ানিক ব্রাইট এবং ফিলাডেলফিয়ার কাভান সুলিভানকে লাল কার্ড দেখান রেফারি।

তবে কাভান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা পরে প্রত্যাহার করা হয়েছে। ফিলাডেলফিয়া ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে স্বাধীন রিভিউ প্যানেল সর্বসম্মতভাবে কাভানের শাস্তি বাতিল করে। ফলে পরবর্তী ম্যাচে তার মাঠে নামার পথও খুলে যায়।

অর্থাৎ একই ঘটনায় প্রথমে লাল কার্ড দেখা কাভান সুলিভান শাস্তি থেকে রেহাই পেলেও মেসি ও ফ্রের বিরুদ্ধে আর্থিক শাস্তি বহাল থাকল।

গোল করেও আলোচনায় মেসি
ঘটনাটি মেসির জন্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ম্যাচটির অন্য একটি কারণে। ফিলাডেলফিয়ার বিপক্ষে মেসি একটি গোল করেন এবং একটি গোলে সহায়তাও করেন। এটি ছিল তার বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথম গোল। ম্যাচে গোল করে বাবার প্রতি শ্রদ্ধা জানানোর পরও শেষ মুহূর্তের ওই বিতর্কিত ঘটনায় তাঁকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

ম্যাচের শেষ মুহূর্তের উত্তেজনা অবশ্য ২-২ গোলের সমতাকে বদলাতে পারেনি। কিন্তু মাঠের ফলের চেয়ে শেষ বাঁশির আগের ঘটনাগুলোই শেষ পর্যন্ত বেশি আলোচনায় এসেছে।

মেসির জন্য এটি এমএলএসে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় নতুন নয়। এর আগেও ২০২৫ সালে নিউইয়র্ক সিটি এফসির এক সহকারী কোচকে ঘাড়ের কাছে ধরে রাখার ঘটনায় তাকে জরিমানা করা হয়েছিল।

এবারও তাই বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের নাম উঠে এলো গোল বা অ্যাসিস্টের কারণে নয়, বরং মাঠের উত্তপ্ত মুহূর্তে করা এক বিতর্কিত আচরণের কারণে।

মা-বাবার দিক থেকে জার্মান-বাংলাদেশি মিশ্রন কাভান এবং কুইন সুলিভানের মধ্যে। ফিলাডেলপিয়ায় জন্ম নেওয়া এ দু’জন আপন ভাই। তাদের আরও দুই ভাই রয়েছেন ডেকলান ও রোনান সুলিভান। যারা এরই মধ্যে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলে গেছেন। কাভান এবং কুইন চাইলে বাংলাদেশ কিংবা যুক্তরাষ্ট্র যে কোনো দলের হয়ে খেলতে পারবেন। যদিও বয়সভিত্তিক ফুটবলে এই দু’জন খেলেন যুক্তরাষ্ট্রের হয়ে।

(ওএস/এএস/আগস্ট ২২, ২০২৬)