বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে ছাত্রদলের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার : বিএনপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুহুল কবির রিজভী বিএনপির সাবেক সফল ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি এবং স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক। তার এই নতুন দায়িত্ব জাতীয়তাবাদী আদর্শ ও নেতৃত্বের ধারাবাহিকতাকে আরো শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করে ছাত্রদল।
ছাত্রদলের মতে, রুহুল কবির রিজভীর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি আবারো প্রমাণ করেছে যে, সংগঠনটি কেবল একটি ছাত্রসংগঠন নয়; বরং জাতীয় নেতৃত্ব তৈরির অন্যতম আদর্শিক সূতিকাগার।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবনে রুহুল কবির রিজভী দেশপ্রেম, ত্যাগ, আদর্শিক নিষ্ঠা ও গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সাহসী নেতৃত্ব এবং আপসহীন ভূমিকা গণতন্ত্রকামী মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে রিজভীকে অভিনন্দন জানিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
(ওএস/এএস/আগস্ট ২২, ২০২৬)
