স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানী থানায় করা অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২৩ আগস্ট) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালতে এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ছিল।

মামলার কাগজপত্র সংগ্রহের জন্য সময় চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী মো. সুমন হোসাইন। পরে আদালত আবেদন মঞ্জুর করে ২৪ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২৫ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। একই সঙ্গে স্থগিত লাইসেন্সের অস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

অভিযোগে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক তার নামে থাকা একটি আগ্নেয়াস্ত্র থানায় জমা দিয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তিনি থানাকেও অবহিত করেননি। তার লাইসেন্সে দেওয়া ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।

পরে গত ২৪ মে বনানী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. জানে আলম দুলাল অস্ত্র আইনের ১৯(১) ধারায় আনিসুল হকের বিরুদ্ধে মামলাটি করেন।

এর আগে ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
(ওএস/এএস/আগস্ট ২৩, ২০২৬)