ঈশ্বরদী প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে ২ হাজার ৭০০ কৃষকের মধ্যে বিনামূল্যে মৌসুমি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তায় সরকারের কৃষিবান্ধব নীতির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এতে কৃষকদের উৎপাদন খরচ কিছুটা কমবে এবং মৌসুমি ফসল চাষে তারা আরও উৎসাহিত হবেন।

তিনি বলেন, কৃষকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকারি সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন। স্বল্প খরচে অধিক উৎপাদন নিশ্চিত করতে কৃষকদের জন্য প্রণোদনা ও কৃষি সহায়তা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা আইনবিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুমসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা।

(এসকেকে/এসপি/আগস্ট ২৩, ২০২৬)