সংবাদ প্রকাশের পর স্কুলে ফিরল কেয়া–আয়শা, পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছেড়ে ঢাকায় পাড়ি দেওয়া ফরিদপুরের নগরকান্দা উপজেলার বড় কাজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী কেয়া ও আয়শা আবারও ফিরেছে তাদের প্রিয় বিদ্যালয়ে।
গত সপ্তাহে পারিবারিক অভাব-অনটনের কারণে মা–এর সঙ্গে ঢাকায় চলে যায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কেয়া ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আয়শা। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান মুঠোফোনে জানান, প্রথমে তারা ঢাকায় ভাসমান অবস্থায় কাজের উদ্দেশ্যে অবস্থান করছিল। সংবাদ প্রকাশের পর শিশুদের বাবা বিষয়টি দেখে তাদের ঢাকা থেকে উদ্ধার করে মামাবাড়িতে নিয়ে আসেন। পরে সেখান থেকে সরাসরি দুই শিশুকে বিদ্যালয়ে নিয়মিত পড়াশোনার জন্য নিয়ে আসেন। তিনি সন্তানদের লেখাপড়া চালিয়ে যেতে সম্মতি দিয়েছেন।
এদিকে নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে একটি টিম শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন করেছে। পরিবারটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের আর্থিক সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
(পিবি/এসপি/আগস্ট ২৪, ২০২৬)
