এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম-কে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাতের দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দুইবারের সাবেক ইউপি সদস্য (মেম্বার)। পেশায় তিনি একজন খামারি ছিলেন।

জানা গেছে, রবিবার রাতে সাইফুল ইসলাম তার নাতিকে সঙ্গে নিয়ে বাঘোপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে তাঁর পথরোধ করে ওৎ পেতে থাকা তিন যুবক। কথাকাটাকাটির একপর্যায়ে রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় পাশের ধানি জমিতে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন ও আলামত হিসেবে জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে এবং কারা জড়িত, তা খতিয়ে দেখতে অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম।

(এটিআর/এসপি/আগস্ট ২৪, ২০২৬)