রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে অপহরণ, ধর্ষণ ও যৌতুকের দাবিতে নির্যাতনের পৃথক ছয়টি মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুই আসামিকে ১০ বছর করে আটকাদেশ ও এক আসামির দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এসব মামলার রায় ঘোষণা করেন।

এ বিষয়ে পরাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর সদর থানার একটি মামলায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছানোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্য একটি মামলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজমুলকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়। সাজমুল ভাটিগজারিয়া গ্রামের ইমামুল হকের ছেলে।

এছাড়া বকশীগঞ্জের অপহরণ মামলায় মোখলেছ ও মমিন মিয়াকে পৃথক দুটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা করে জরিমানা করা হয়। একই ঘটনায় নাবালক আসামি মিন্টু মিয়াকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়। মিন্টু মিয়া বিনোদেরচর গ্রামের আলম মিয়ার ছেলে।

অন্যদিকে, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় আজিজুর রহমানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন আদালত।

রাষ্ট্রপক্ষ জানায়, ছয়টি মামলায় মোট ছয়জন আসামি ছিলেন। এর মধ্যে দুইজন পলাতক রয়েছেন।

(আরআর/এসপি/আগস্ট ২৪, ২০২৬)