ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় করে অভিনব কায়দায় গাঁজা বহনের সময় মো. মামুন উদ্দিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার উপজেলার দাশুড়িয়া মোড়ের রাজশাহী কাউন্টার সংলগ্ন নিউ সাগর মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন উদ্দিন ঈশ্বরদী পৌর শহরের রহিমপুর গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাশুড়িয়া মোড়ে অবস্থান নেওয়ার পর শনপাপড়ি বিক্রেতার বেশে ডালা হাতে দাঁড়িয়ে থাকা মামুনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে থামিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে শরীর ও শনপাপড়ির ডালা তল্লাশি করা হয়। এ সময় ডালার ভেতর থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক কারবারিরা নানা কৌশল অবলম্বন করছে। শনপাপড়ির ডালায় গাঁজা পরিবহনও তেমন একটি কৌশল। তবে পুলিশের তৎপরতায় এসব কৌশল সফল হচ্ছে না।

তিনি বলেন, এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

(এসকেকে/এসপি/আগস্ট ২৫, ২০২৬)