গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মাত্র ৩৭ দিনের ব্যবধানে উপাচার্য (ভিসি) পরিবর্তন করা হয়েছে।
গত ১৯ জুলাই অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হলেও ২৫ আগস্ট তাঁকে সরিয়ে নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ড. মো. সোহেল হাসানকে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
১৯ জুলাইয়ের প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে গোবিপ্রবির ভিসি পদে নিয়োগ দেওয়া হয়। তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত যেটি আগে ঘটে নির্ধারণ করা হয়েছিল।
তবে নিয়োগের মাত্র ৩৭ দিন পর, ২৫ আগস্ট নতুন প্রজ্ঞাপন জারি করে অধ্যাপক ড. মো. সোহেল হাসানকে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের মেয়াদও চার বছর অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত যেটি আগে ঘটে নির্ধারণ করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ড. মো. সোহেল হাসানকে এর আগে ২০২৪ সালের ২৯ অক্টোবর গোবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
দুই প্রজ্ঞাপনেই ভিসিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থানের শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় নিয়োগ বাতিল করতে পারবেন বলেও উল্লেখ রয়েছে। তবে ১৯ জুলাই নিয়োগ দেওয়া উপাচার্যকে মাত্র ৩৭ দিনের মাথায় কেন পরিবর্তন করা হলো, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
অল্প দিনের ব্যবধানে ভিসি পরিবর্তনের বিষয় জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ এনামুজ্জামান বলেন , “এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার আমাদের নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা পায়, তা-ই বাস্তবায়ন করে। এর বাইরে এ বিষয়ে মন্তব্য করার সুযোগ আমাদের নেই।”
(টিবি/এসপি/আগস্ট ২৬, ২০২৬)
