রাজন্য রুহানি, জামালপুর : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আবির্ভাব দিবস উপলক্ষে জামালপুরে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে হযরত খাজা ইউনুছিয়া পাক দরবার শরীফ, খাজায়েনে রহমত পাক দরবার শরীফ ও জামালপুর দরবার শরীফের উদ্যোগে পৃথকভাবে দিবসটি উদযাপন করে নবীপ্রেমী মুসলমানরা।

দিবসটি উপলক্ষে সকালে সদর উপজেলার নান্দিনায় অবস্তিত হযরত খাজা ইউনুছিয়া পাক দরবার শরীফের উদ্যোগে বের হয় এক বর্ণাঢ্য জশনে জুলুস। দরবারের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী আলহাজ্ব হযরত খাজা আব্দুর রব খসরু (মা.জি.আ.) পীর কেবলাজানের নির্দেশনায় জশনে জুলুসের মিছিলটি নান্দিনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দরবারে গিয়ে শেষ হয়।

এছাড়া, জামালপুর শহরের পিটিআই প্রাঙ্গণ থেকে খাজায়েনে রহমত পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুসের মিছিল বের হয়। দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর কেবলা আলহাজ্ব মুহাম্মদ রেজাউল হক রেজার নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরবার শরীফে গিয়ে শেষ হয়।

জামালপুর দরবার শরীফের উদ্যোগেও পিটিআই চত্বর থেকে বের হয় পৃথক এক আনন্দ মিছিল। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে হযরত শাহ জামাল (রহ.) মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জামালপুর দরবার শরীফের গদিনসীন মাওলানা রওনকুল ইসলাম মাইজভান্ডারী।

মিছিলে আশেকান জাকেরানসহ বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এ সময় নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

অন্যদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ এবং মানবতার কল্যাণে তাঁর শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

(আরআর/এসপি/আগস্ট ২৬, ২০২৬)