শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : মটর পরিবহণ শ্রমিক নেতাকে আটক ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে ছড়িয়ে পড়েছে শ্রমিকদের দু'টি গ্রুপের সংঘর্ষ। সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। থানার সামনে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে আগুনে পুড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটি বাস ও একটি মোটর সাইকেল। এছাড়াও বেশ কয়েকটি বাস ভাংচুর করা হয়েছে। সকাল থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া,ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়েছে  শ্রমিকদের দু'টি গ্রুপের মধ্যে।

অন্যদিকে শহরের থানা গেট,কলেজ মোড়,কেন্দ্রীয় বাস স্ট্যান্ড,শের শাহ্‌ বটতলী মোড়, মহারাজা মোড়, দশ মাইলসহ বিভিন্ন স্থানে বাস-ট্রাক-ট্যাংকলড়ি, এম্বুল্যান্সসহ বিভিন্ন যানবাহন দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

সকালে থানা ঘেরাও করা শ্রমিকদের সঙ্গে জাতীয়তাবাদী শ্রমিকদের থানার ভেতরেই সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শ্রমিকদের একটি গ্রুপ দুপুরে থানার সামনে দুইটি বাস ও একটি মটর সাইকেলে অগ্নিসংযোগ করে। এছাড়াও ভাংচুর করে বেশ কয়েকটি বাস। এতে বেশ কয়েকটি বাস ক্ষতিগ্রস্থ হয়েছে।

অন্যদিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আটক শ্রমিক নেতা শেখ বাদশাকে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এ নিয়ে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আনোয়ার হোসেন, জানিয়েছেন নিদিষ্ট মামলার ভিত্তিতে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করা হয়েছে। উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। আলোচনার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা শেখ বাদশাকে বুধবার রাতে আটক করে পুলিশ। বাদশা শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী।

শ্রমিক নেতা বাদশার মু'ক্তির দাবিতে দিনাজপুর কোতয়ালী থানায় সমবেত শ্রমিকদের মধ্যে সকালে তুমুল সংঘর্ষ বাধে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করলে সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়। এ সংঘর্ষে আহত হয়েছে পুলিশ সাংবাদিক সহ কমপক্ষে ১৫ জন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

অন্যদিকে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে দিনাজপুর শহরসহ আশপাশ এলাকার বেশ কিছু সড়কে বাস-ট্রাক-এম্বুলেন্স রেখে অবরোধ সৃষ্টি করেছে শ্রমিকরা। আটকা পড়েছে অসংখ্য যানবাহন। পথচারীরাও চলাচল করত্র পারছেনা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে দিনাজপুর শহরের বিভিন্ন প্রবেশপথে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আড়াআড়িভাবে রেখে সড়ক অবরোধ করেন তারা। এতে শহরের সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সড়ক যোগাযোগ ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা।

শহরের ভেতরের গলিপথে সীমিতসংখ্যক ইজিবাইক চলাচল করলেও শহর থেকে দূরপাল্লা বা আন্তজেলা যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

থানা চত্বরে বিক্ষোভরত শ্রমিকদের দাবি, শেখ বাদশা দীর্ঘদিন ধরে শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দিয়ে আসছেন। আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হতে যাচ্ছেন।

আন্দলোনরত শ্রমিকদের অভিযোগ, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরাজয় নিশ্চিত জেনে বিএনপির কিছু নেতাকর্মীর সহযোগিতায় পুলিশকে চাপ প্রয়োগ করে শেখ বাদশাকে গ্রেফতার করিয়েছেন। যাতে তিনি নির্বাচনে অংশ নিতে না পারেন। বিক্ষোভকারীরা শেখ বাদশার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

শেখ বাদশা দিনাজপুর জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের সাবেক নেতা। জুলাই অভ্যুত্থানের পরে সংবাদ সম্মেলন করে শ্রমিক লীগের পদ থেকে পদত্যাগ করেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ২৭ ও ২৮ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহের সময় নির্ধারিত রয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টায় দিনাজপুর শহরের মহারাজা বটতলী (রাজারহাট) এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শেখ বাদশাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ২০২৫ সালের ২১ জানুয়ারি করা বৈষম্যবিরোধী একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

এদিকে আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, শেখ বাদশাকে মুক্তি দেওয়া না হলে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীর বন্দরসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়া হবে।

তবে বাদশাকে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা বলেন, দিনাজপুর জেলা থেকে বুধবার (২৬ আগস্ট) রাত ১১টা থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি। আমরা এ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এখনও কোনো সুরাহা হয়নি।

এদিকে দিনাজপুর কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তি দাবি করেছেন। তিনি শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।

কোতয়ালী থানার গেট বাস-ট্রাকের ব্যারিকেড দিয়ে রাখায় থানা থেকে পুলিশ বের হতে ও ঢুকতেও পারছে না।খুবই অসুবিধায় পড়েছেন তারা।

(এসএস/এসপি/আগস্ট ২৭, ২০২৬)