বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলার বিভিন্ন উপজেলার মধ্যেকার চলমান খেলার অংশ হিসেবে নন্দীগ্রাম ও সোনাতলা উপজেলা দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে নন্দীগ্রাম ও সোনাতলা উপজেলা দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন, বগুড়ার আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মীর শাহে আলম (এমপি)।

সেসময়ে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।

সোনাতলা নন্দীগ্রাম এর খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধের ৩৫ মিনিটে নন্দীগ্রাম উপজেলা দলের খেলোয়াড়রা সোনাতলার জালে বল জড়িয়ে ১-০ গোলের লিড নেয়। গোল পরিশোধে সোনাতলা একাধিকবার আক্রমণ করলেও প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন-আরা।

এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দুই দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণ ম্যাচের উত্তেজনা আরো বাড়িয়ে দেয়।

খেলায় ধারাভাষ্য দেন রফিকুল ইসলাম। তাঁর সাবলীল ও প্রাণবন্ত ধারাভাষ্য পুরো ম্যাচজুড়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে। প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের চূড়ান্ত ফলাফল ও বিজয়ী দলের নাম নিশ্চিত ভাবে জানা সম্ভব হয়নি।

(বিএস/এসপি/আগস্ট ২৭, ২০২৬)