কানাইপুরের ফেমাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির রেজিস্ট্রেশন বাতিল
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর বাজারের হাবিব কমপ্লেক্স অবস্থিত 'ফেমাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড' নামের একটি আর্থিক প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিল করেছে ফরিদপুর জেলা সমবায় অফিস।
সমিতিটির সংগঠকের মো. এনামুল হক মিয়া। তিনি ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের ইউসুফপুর এলাকার ফিরোজ মিয়া ছেলে।
এদিকে, সমিতিটির সরকারি রেজিস্ট্রেশন বাতিল হলেও সমিতিটি তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সংগঠক এনামুল। যা এ সমিতির সাথে সম্পৃক্ত সাধারণ গ্রাহকগণকে আর্থিক ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।
ফরিদপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন উত্তরাধিকার ৭১ নিউজকে 'ফেমাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড' নামের এ আর্থিক প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা সমবায় কার্যালয় সূত্রে জানা যায়, গত দুই বছর যাবত অডিট না করায় গত ৮ আগস্ট ২০২৬ ইং তারিখে ১৮২৭ নং আদেশে ফেমাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর রেজিস্ট্রেশন বাতিল করে জেলা সমবায় অফিস।
রেজিস্ট্রেশন বাতিলের বিষয়ে কানাইপুরের ফেমাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর সংগঠক (মালিক) মোহাম্মদ এনামুল হক উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'আমার বিষয়টি জানা নেই, আমি তো কোনো নোটিশ বা কোনো চিঠি পাই নাই'। এনামুল আরও জানান, লাইসেন্স বাতিল হলে সমস্যা কি, আবার লাইসেন্স করে নিবো। এটা কি জটিল কোনো কাজ'?
সংগঠকের চিঠি না পাওয়ার বিষয়ে ফরিদপুর জেলা সমবায় অফিস জানিয়েছে যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই ওই সমিতির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। তার অফিসের যে ঠিকানা সমবায় অফিসে জমা দেওয়া হয়েছে, ওই ঠিকানায়ই ওই সমিতির নোটিশসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়ে থাকে। এক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেনি বলেও নিশ্চিত করেছে ফরিদপুর জেলা সমবায় কার্যালয় সূত্র।
রেজিস্ট্রেশন বাতিলকৃত ফেমাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর সংগঠক এনামুল হক জানিয়েছেন তার সমিতির অফিসটি আগের ঠিকানায় না থাকলেও আগের অফিসের নিকটবর্তী স্থানে স্থানান্তর করেছেন তিনি। তবে তা লিখিতভাবে সমবায় অফিসকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাব দেননি সংগঠক এনামুল হক।
(আরআর/এসপি/আগস্ট ২৮, ২০২৬)
