গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুনিয়া খানম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার ভোরের দিকে উপজেলার কুশলী ইউনিয়নের চর-কুশলী গ্রামের এ ঘটনা ঘটে।

খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মুনিয়া খানম চর-কুশলী গ্রামের বাসিন্দা প্রবাসী আলামিন শেখের স্ত্রী ও পার্শ্ববর্তী বর্ণি ইউনিয়নের হেদায়েত শেখের মেয়ে। নিহত মুনিয়ার চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে মুনিয়ার শাশুড়ি পানি আনতে বাইরে যান। তখন মুনিয়ার নাম ধরে ডাকাডাকি করলেও কোন সারা শব্দ আসেনি। তখন আশেপাশের লোকজন এসে জানালা ভেঙে ছোট একটি ছেলেকে ঘরের ভিতর ঢুকিয়ে দেন। তখন সেই শিশুটি ভিতরে ঢুকে ঘরের বাইরের গেট খোলে। পরে সবাই ভিতরে গিয়ে দেখতে পায় মুনিয়ার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল।

তিনি আরও বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মুনিয়া এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(টিবি/এসপি/আগস্ট ২৮, ২০২৬)