নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো দু'দিনব্যাপী সুলতান উৎসব
রূপক মুখার্জি, নড়াইল : বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি নড়াইলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী ঐতিহ্যবাহী সুলতান উৎসব। উৎসবের প্রথম দিনে দুই শতাধিক কোমলমতি শিশুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক জমকালো চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
শুক্রবার (২৮ আগষ্ট) সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ‘এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন’ এই উৎসবের আয়োজন করেছে।
নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক আনুষ্ঠানিকভাবে দুদিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী দিনে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রায় চার শতাধিক
শিশুদের রঙ-তুলির ছোঁয়ায় ক্যানভাসে ফুটে ওঠে এসএম সুলতানের প্রতিকৃতি, বাংলার অপরূপ প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ মেলা ও মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস।
আয়োজকদের মতে, নতুন প্রজন্মের কোমলমতি শিশুদের মাঝে সুলতানের মহান শিল্পচেতনা ও সৃষ্টিশীল কর্ম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর এই ধরনের উৎসবের আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী এই বর্ণিল উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও থাকছে শিশুদের আঁকা ছবির বিশেষ প্রদর্শনী, এসএম সুলতানের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণমূলক আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম এবং সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জিসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/আগস্ট ২৮, ২০২৬)
