ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর কাকনহাটি গ্রামে। পুলিশ আজ শুক্রবার ভোরে ধর্ষক পিতাকে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাছান আলীর ছেলে। 

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বুধবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বসতঘরের বারান্দার রুমে ঘুমন্ত মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে নুরুল হক এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার তিন দিন পর মেয়ে তার মাকে বিষয়টি জানান। ঘটনা জানাজানি হওয়ার পর ভুক্তভোগী ও তার মাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে নুরুল হক।

পরবর্তীতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি লিখিত এজাহার দায়ের করেন।

পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার পাশাপাশি নুরুল হক ঢাকার বাড্ডা থানার দণ্ডবিধির ৩৯৪ ধারার একটি দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত ফেরারি আসামি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, কিশোরী মেয়ের সৎ মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে ঢাকার বাড্ডা থানায় দস্যুতা মামলার পরোয়ানাভুক্ত আসামি। নারী ও শিশু নির্যাতন এবং দস্যুতা এই দুই মামলাতেই তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

(এন/এসপি/আগস্ট ২৮, ২০২৬)