সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের প্রভাব খাটিয়ে মোঃ সুলতান উদ্দিন মেম্বারের অন্তহীন ‘সালিসি বাণিজ্য’ বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। দীর্ঘদিন ধরে বিচারিক হয়রানি ও অনৈতিক অর্থ আদায়ের শিকার ভুক্তভোগী এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারিষাব ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সুলতান উদ্দিন গ্রাম আদালত ও স্থানীয় সালিস-মীমাংসা করে দেয়ার নামে আয়ের হাতিয়ার হিসাবে পরিণত করেছেন তিনি। যে কোন পারিবারিক বা জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সাধারণ মানুষ পরিষদে গেলে নিরপেক্ষ বিচারের নামে চলে টাকার খেলা। যে পক্ষ বেশি টাকা দেয়, সুলতান মেম্বার প্রভাব খাটিয়ে রায় তাদের পক্ষ নেন বলে জোড়ালো অভিযোগ উঠেছে। তার এই বিচারিক বাণিজ্যের প্রতিবাদ করলে সাধারণ মানুষকে হুমকি ও ভয় দেখানো হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

আজ দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসীর তীব্র তোপের মুখে পড়েন বারিষাব ইউনিয়ন পরিষদের মেম্বার সুলতান। উত্তেজিত জনতা তাকে পরিষদে প্রবেশ করতে বাধা দেয় এবং অবরুদ্ধ করে রাখে।

স্থানীয়দের অভিযোগ, সুলতান মেম্বার ও চার জনের একটি দল গঠন করে এসব অপকর্ম ও অনৈতিক
বাণিজ্যে করে আসছেন বলে অভিনয় আছে। উল্টো নিজের অপকর্ম ও ব্যর্থতা ঢাকতে এবং বর্তমান পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে তিনি স্থানীয় সরকার দলীয় নেতাকর্মীদের ওপর দোষারোপ করছেন। সুলতান মেম্বারের দাবি, স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে পরিষদে আসতে বাধা দিচ্ছে এবং বিশৃঙ্খলা তৈরি করছে।

এ বিষয়ে সুলতান মেম্বারের বক্তব্য নেওয়ার জন্য তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি প্রথম বলেন থানায় আছেন, এরপর বলেন মসজিদে আছেন, তার কয়েকমিনিট পর বলেন বাড়িতে মেহমান আসছে তাদের বিদায় দিয়ে আসবেন আমাদের বসতে বলেন, পরে দীর্ঘ সময় অপেক্ষা করে মেম্বারের দেখা মেলেনি।

এই বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার জানান, "বারিষাব ইউনিয়ন পরিষদের মেম্বারের সালিসি বাণিজ্য এবং পরিষদের উদ্ভূত পরিস্থিতির বিষয়ে অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে।

(এসকেডি/এসপি/আগস্ট ২৯, ২০২৬)