রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পরিবার পরিকল্পনা সমিতি ও ক্লিনিকের (এফপিএবি) বাউন্ডারি, গেইট ও ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে এফপিএবি কার্যালয় প্রাঙ্গণে এই কাজের শুভ উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। একই সঙ্গে গেইটের সামনে বৃক্ষরোপণও করেন সংসদ সদস্য।

উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর এফপিএবি পরিচালন কমিটির সভাপতি শহীদুল হক খান দুলাল, সহ-সভাপতি লোকমান আহমেদ লোটন, স্বেচ্ছাসেবী উন্নয়নের জাতীয় কাউন্সিলর সেলিনা বেগম, কোষাধ্যক্ষ মো. রমজান আলী রঞ্জু, সদস্য দিদারুল আলম কালা, সাইদা বেগম, বকুল রাণী পাল, যুব সদস্য মাহী ফেরদৌস, কো-অর্ডিনেট (প্রোগ্রাম) মাহিনুর সিদ্দিকা হ্যাপি, কো-অর্ডিনেট (অর্থ) মো. সামছুল আলম মিয়া উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সংসদ সদস্য বলেন, 'এফপিএবিতে প্রতিদিন প্রায় শতাধিক রোগী চিকিৎসা সেবাসহ নানা রকম সেবা এখান থেকে প্রাপ্ত হয়। এই প্রতিষ্ঠানটি একটি বেসরকারি জনসেবামূলক প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে এই ভবন তৈরি হয়েছিল তৎকালীন বিএনপি সরকারের সময়। বর্তমানে ভবনটি অত্যন্ত জরাজীর্ণ। সংস্কার হওয়া প্রয়োজন। এখানে ইতোমধ্যেই আমি অত্যন্ত ছোট আকারে কিছু বরাদ্দ দিয়েছিলাম। সেদিকেও সংস্কার কাজ চলছে। আমি মাননীয় সমাজ কল্যাণ নেতৃবৃন্দদের সাথে কথা বলবো একটি বৃহৎ বরাদ্দ দেওয়ার জন্য এবং এটাকে আরও কার্যকরী জনকল্যাণে রূপান্তর করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগগুলোর পাশে থেকে আমি আমার অবস্থান দিব সর্বাত্মকভাবে।'

সংসদ সদস্য আরও বলেন, 'এই প্রতিষ্ঠানটি জনকল্যাণের প্রতিষ্ঠান। এটা আগামী দিনে আরো কার্যকর করার জন্য এই গণ্যমান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমি সেই পদক্ষেপ নেব।'

সভাপতির বক্তব্যে শহীদুল হক খান দুলাল বলেন, এফপিএবি প্রতিষ্ঠালাভের পর থেকেই গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাবঞ্চিত মানুষদের সেবা বেশি প্রদান করে আসছে। এখানে আমাদের একজন অভিজ্ঞ ডাক্তার রয়েছেন, আমাদের প্যাথলজি রয়েছে, আমাদের এক্সরে সেন্টারও রয়েছে, এম্বুলেন্সও রয়েছে। আমরা এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রদান করে যাচ্ছি।

তিনি আরও বলেন, এফপিপিতে এর আগে আমাদের দাতাসংস্থার মাধ্যমে আমরা এখানে কর্মকাণ্ড পরিচালনা করতাম। দাতাসংস্থা চলে যাওয়ায় এখন নিজস্ব আমাদের যে যন্ত্রপাতি রয়েছে, ক্লিনিক রয়েছে, সেই ক্লিনিকের মাধ্যমে যে রোজগার হয়, এটা দিয়ে আমরা শুধু বেতনভাতা করছি। এভাবে আমাদের চলছে।

তিনি বলেন, ইতোমধ্যেই এই বিল্ডিংটা জরাজীর্ণ হয়ে গেছে। এখানে বাউন্ডারি ওয়াল নাই। এমতাবস্থায় আমরা মাননীয় সংসদ সদস্যের দারস্থ হয়েছিলাম। তিনি আমাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করেছেন। সেই সহযোগিতা দিয়ে আমরা আমাদের বাউন্ডারি ওয়াল, ভেতরে টাইলসের কাজ, ফ্লোর সংস্কার কাজ এবং সামনের সৌন্দর্য বর্ধনের কাজ করছি। আজকেও আরও কিছু অনুদান ঘোষণা করেছেন এবং তিনি আজকে এখানে উদ্বোধনী ফলক উন্মোচন করেছেন এবং বৃক্ষরোপণ করেছেন। আমরা আগামী দিনে সবার সহযোগিতা কামনা করি যেন এই সেবামূলক প্রতিষ্ঠানটি আরো মানবিক সেবা প্রদান করতে পারে।'

(আরআর/এসপি/আগস্ট ২৯, ২০২৬)