দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : দেশে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, একটি অসাধু মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দাম বাড়াচ্ছে। বেশি দামে সার বিক্রি করা খুচরা বিক্রেতা ও দায়িত্বহীন ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. মাজহারুল ইসলাম।

কৃষিমন্ত্রী বলেন, "দেশের মোট বার্ষিক চাহিদার তুলনায় অতিরিক্ত ১৫ লাখ টন সার আমদানি করা থাকে। তাই বাস্তবে সার সংকটের কোনো সুযোগ নেই। অথচ কিছু অসাধু খুচরা বিক্রেতা কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত টাকা নিলেই সার সরবরাহ করছে।"

এ সময় তিনি জেলা সার ডিলারদের সতর্ক করে নির্দেশ দেন, কোনো ডিলার বরাদ্দের সার সময়মতো না তুললে বা নির্ধারিত দামে কৃষকের কাছে না পৌঁছালে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কৃষি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার ওপর জোর দিয়ে মন্ত্রী আরও জানান, পাট ও পেঁয়াজের বীজের জন্য বিদেশনির্ভরতা কমানোর কাজ চলছে। ভবিষ্যতে যেন কোনো কৃষিপণ্য আমদানি করতে না হয়, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। এ প্রসঙ্গে ফরিদপুরের উর্বর মাটির প্রশংসা করে তিনি অঞ্চলটির কৃষিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোহরব হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/আগস্ট ২৯, ২০২৬)