রাজারহাটে ফিস্টুলা শনাক্তকরণ ক্যাম্পেইন উপলক্ষে উঠান বৈঠক
পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তকরণ ক্যাম্পেইন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের সওদাগরপাড়া এলাকায় গোলজার হোসেনের বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাম্মেল হক, রাজারহাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম, প্রসূতিজনিত ফিস্টুলা ও এমপিডিএসআর সিআইপিআরবি কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী সুমন দাস এবং প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।
এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মো. শহিদুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউএ) মোছা. নিলুফা ইয়াসমিনসহ পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী ও স্থানীয় নারীরা।
বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা নারীর জন্য একটি মর্মান্তিক স্বাস্থ্য সমস্যা। দীর্ঘ ও জটিল প্রসব, বাল্যবিবাহ এবং সন্তান জন্মদানের মধ্যে পর্যাপ্ত বিরতি না থাকাসহ বিভিন্ন কারণে এ রোগের ঝুঁকি বাড়ে। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাম্মেল হক বলেন, ‘প্রসবজনিত ফিস্টুলা একটি মর্মান্তিক নারী স্বাস্থ্য সমস্যা। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ, বাল্যবিবাহ রোধ এবং সন্তান জন্মদানে উপযুক্ত বিরতি বজায় রাখলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।’
জানা গেছে, ১৫ দিনব্যাপী এ ক্যাম্পেইনের আওতায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রসবজনিত ফিস্টুলার সম্ভাব্য রোগী শনাক্ত করবেন। প্রাথমিকভাবে সন্দেহভাজন রোগীদের কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। রোগ নিশ্চিত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ফিস্টুলা সেন্টারে (ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল) রেফার করা হবে।
সংশ্লিষ্টরা জানান, সেখানে রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি যাতায়াত ব্যয় এবং দরিদ্র রোগীদের প্রয়োজন অনুযায়ী পুনর্বাসন সহায়তাও দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) কারিগরি সহায়তায় এ ক্যাম্পেইন শুরু হয়েছে। ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজারহাট উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
(পিএস/এসপি/আগস্ট ৩০, ২০২৬)
