ফুলপুরে ফুড অফিসের মালামাল চুরি
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে পৌরসভার শিববাড়ি রোডস্থ কার্যালয়ে এই চুরির ঘটনা ঘটে।
আজ রবিবার সকালে কর্মকর্তা ও কর্মচারীরা কার্যালয়ে এসে দরজার তালা ভাঙা দেখে চুরির বিষয়টি টের পান। সরজমিনে দেখা যায়, দুর্বৃত্তরা কার্যালয়ের প্রধান দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অফিস কক্ষ থেকে কম্পিউটার, প্রিন্টার, আইপিএস ও ব্যাটারিসহ প্রায় ২ লক্ষ টাকার সরকারি মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিনা বেগম বলেন, সরকারি অফিসে এমন চুরির ঘটনা সত্যিই অত্যন্ত উদ্বেগজনক ও নিরাপত্তাহীনতার পরিচায়ক। এ বিষয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত করা প্রয়োজন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চুরির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরি হওয়া মালামাল উদ্ধারসহ অপরাধীদের গ্রেফতারে তৎপরতা চালানো হচ্ছে।
(এসআই/এসপি/আগস্ট ৩০, ২০২৬)
