ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জের ধরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা কে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী জাকিয়া সুলতানা বলেন, নিজের প্রতিষ্ঠানের এক কর্মচারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির কাছে দেওয়ার পর থেকেই তাকে ব্যবসা বন্ধের হুমকি দেয়া হচ্ছিল। গত শনিবার দুপুরে রাজবাড়ীর কাপড় বাজারের 'আস্থা পোশাক শিল্প' নামে নিজের দোকানে কয়েকশো লোকজন এসে তাকে লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর থানায় নিয়ে যায়। থানায় নেওয়ার সময় রাস্তায় কয়েকজন যুবক তাকে লাথি মারেন।
তিনি আরও অভিযোগ করেন, গত ২৩ আগষ্ট ওই কর্মচারীসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি তার প্রতিষ্ঠানে গিয়ে হুমকি ও গালাগালি করেন বলে দাবি করেন তিনি।এছাড়াও তার দাবি জেলার ২৬ টি সাব-সেন্টারে প্রায় চার হাজার নারী শ্রমিক তার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ঘটনার পর রাজবাড়ী কাপড় বাজারের দোকানটি বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
নারী উদ্যেক্তা জাকিয়া সুলতানা বলেন, সম্প্রতি আমার দোকানের কর্মচারী বৃষ্টি আমার দোকানের হিসাব না দিয়ে অন্য দোকানে চলে যায়। বিষয়টি নিয়ে আমি রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়কের কাছে অভিযোগ দায়ের করি।
গত ২৩ আগস্ট (রবিবার) বৃষ্টিসহ ভাড়া করা ১৫/২০ জন অজ্ঞাত লোকজন কাপড় বাজারের তৃতীয় তলায় আমার প্রতিষ্ঠানে এসে হুমকিসহ অকথ্য ভাষায় গালাগালি করে। তবে এ বিষয়ে অভিযুক্ত কর্মচারী বৃষ্টির বক্তব্য পাওয়া যায়নি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ বলেন, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বাজারের ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুই পক্ষের মধ্যে বিষয়টি সমাধান হয়েছে বলে জানান তিনি।
(একে/এসপি/আগস্ট ৩০, ২০২৬)
