টাকা ও ইলিশ লুটের অভিযোগ
বঙ্গোপসাগরে দুই জেলে গ্রুপর মধ্যে সংঘর্ষ, আহত ৩
বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের দুবলার চরের মেহেরআলী এলাকায় বঙ্গোপসাগরে আজ রবিবার দুপুরে জাল ফেলা নিয়ে জেলেদের দুই গ্রুপর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের তিনজন গুরুতর আহত হয়েছে। এসময়ে ফিশিং ট্রলারের থাকা নগদ টাকা, ইলিশসহ মাছ ধরার সরঞ্জাম লুট করার অভিযোগ করেছেন ভূক্তভোগী জেলেরা।
দুবলার মেহেরআলী থেকে মৎস্য ব্যবসায়ী মো. আলিম আজ রবিবার বিকেলে মোবাইল ফোনে জানান, রবিবার দুপুর ১২টার দিকে সুন্দরবনের মেহেরআলী সংলগ্ন সাগরে জাল পাতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের জেলেরা ট্রলারে করে এসে তার কেরিং বোটে হামলা করে দুই জেলেকে গুরুতর আহত করে। হামলাকারী জেলেরা কেরিং বোট থেকে নগদ ৫ লক্ষাধিক টাকা, ইলিশসহ মাছ ধরার সরঞ্জাম লুট করে নিয়ে যায়।
গুরুতর আহত জেলেরা হচ্ছেন, আশিক (২৫) রিয়াজ হাওলাদার (৩৫)। অন্যপক্ষের জেলে মিজানুর রহমানও (৩০) গুরুতর আহত হয়।
আহত জেলেদের আলোরকোল কোষ্টগার্ড কন্টিনজেটে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানায় কোষ্টগার্ড।
সুন্দরবনের দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় জানান, রবিবার দুপুরে বঙ্গোপসাগরের মেহেরআলী এলাকায় মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র কওে জেলেদের দুই গ্রুপর সংঘর্ষ হয়েছে। উভয় গ্রুপের গুরুতর আহত ৩ জেলেকে উন্নত চিকিৎসার জন্য শরণখোলায় গেছেন বলে জানতে পেরেছি।
(এস/এসপি/আগস্ট ৩০, ২০২৬)
