রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি একনালা বন্দুক ও বেশ কিছু অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলীর নেতৃত্বে একদল পুলিশ রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানে অভিযান চালায়।

পরে বাগান তল্লাশি করে গামছায় মোড়ানো অবস্থায় একটি বিদেশি একনালা বন্দুক উদ্ধার করা হয়।

পুলিশের উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে—লম্বা ব্যারেল ১টি, বাট ১টি, বুশিং ৪টি, ধাতব সিলিন্ডার ৪টি, কালো বস্র, মাজল ব্রেক ১টি, সেফটি প্লেট ১টি এবং স্কোপ রিং ১ সেট।

পুলিশ জানায়, অস্ত্রটি কে বা কারা সেখানে রেখে গেছে এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

(আরএম/এএস/আগস্ট ৩১, ২০২৬)