রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর আব্দুল বার্সেদ।

গতকাল রবিবার সকালে তিনি কলেজে যোগদান করে অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি নকলা সরকারি হাজী জাল মাহমুদ কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।

কলেজ সূত্র জানায়, তিনি ১৮তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মাধ্যমে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি গাইবান্ধা সরকারি কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে প্রথম যোগ দেন। পরবর্তী সময়ে তিনি সরকারি আশেক মাহমুদ কলেজে আসেন এবং দীর্ঘদিন শিক্ষকতা করার পাশাপাশি উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আশেক মাহমুদ কলেজের বিভাগীয় প্রধানের দায়িত্ব শেষে ২০২৩ সালের নভেম্বর মাসে তিনি শেরপুরের নকলা সরকারি হাজী জালমামুদ কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন।

নকলা সরকারি কলেজে প্রায় আড়াই বছর দায়িত্ব পালন শেষে ২০২৬ সালের জুলাই মাসে তিনি বর্তমান অধ্যক্ষ হিসেবে পুনরায় সরকারি আশেক মাহমুদ কলেজে ফিরে আসেন।

এ বিষয়ে কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ বলেন- আমি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে প্রফেসর আব্দুল বার্সেদ উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কলেজের শিক্ষার মানোন্নয়ন কমিটি, রুটিন কমিটির আহ্বায়ক ও সদস্য হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবেও অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি শিক্ষক হিসেবেও অত্যন্ত দক্ষ ও মেধাবী। পরবর্তীতে তিনি নকলা হাজী জাল মামুদ কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়িত হয়ে বদলি হয়ে যান। সেখান থেকে আজ আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন।

তিনি আরও বলেন, প্রফেসর আব্দুল বার্সেদ তাঁর সুদীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে আশেক মাহমুদ কলেজকে আদর্শ ও সেরা প্রতিষ্ঠানে পরিণত করবেন, এটাই প্রত্যাশা করছি।

এ বিষয়ে বক্তব্য নিতে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে দু'বার কল দিলেও কেটে দেন তিনি। পরবর্তীতে সংবাদকর্মীর পরিচয় দিয়ে টেক্সট মেসেজ পাঠিয়ে কল করলেও তিনি কলটি কেটে দেন। ফলে তাঁর মতামত নেওয়া সম্ভব হয়নি।

(আরআর/এসপি/আগস্ট ৩১, ২০২৬)