সোনাতলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার ভেলুরপাড়া এনায়েত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে নজরুল সংগীত শিল্পীদের মনোমুগ্ধকর গান উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। শিল্পীদের গানে অনুষ্ঠান ভিন্নমাত্রা যোগ করে এবং উপস্থিত সবার মন জয় করে নেয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওই প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক। বক্তব্য দেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সংসদ সদস্যের কন্যা তানজিন ইসলাম, কাজী তামান্না, জোরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, আনারুল ইসলাম লাবু, বিএনপি নেতা আলী হাসান নারুন এবং হলিদাবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গাউছেল আজম লিটু সহ অনেকে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরাজ আল মাফি বক্তব্য দিতে গিয়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীর মেরামত, খেলার মাঠের উন্নয়ন সহ প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবি প্রধান অতিথির কাছে তুলে ধরেন।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জানান,বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৭০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। চলতি বছর এ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
জোরগাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, তিনি নিজেও এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এমপি কে নজর দেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি কাজী রফিকুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির তিন মেয়েও উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আশরাফুল আলম।
(বিএস/এসপি/আগস্ট ৩১, ২০২৬)
