নজরুল বর্ষ উপলক্ষ্যে মহম্মদপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : নজরুল বর্ষ উপলক্ষ্যে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এই সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি এবং নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, হামদ-নাত, একক অভিনয়, নৃত্য ও নজরুল সঙ্গীত বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অবঃ) মোহাম্মদ মতিউর রহমান, সহকারী অধ্যাপক (অবঃ) মো: ওসমান আলী, সহকারী অধ্যাপক রাশিদা খানম ও প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা প্রমূখ।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: আনোয়ারুজ্জামান, সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম নাসিরুল ইসলাম, প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি মেহেদী হাসান পলাশ, মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো: আকতারুজ্জামান বিল্লাহসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যের একজন কবি নন, তিনি আমাদের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা ও স্বাধীনতার চেতনার অন্যতম প্রতীক। শিক্ষার্থীদের মাঝে নজরুলের সাহিত্য ও দর্শন ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শ সম্পর্কে জানার আহ্বান জানান।
(বিএস/এসপি/আগস্ট ৩১, ২০২৬)
