কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন
শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : কাপাসিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হারের অবনতি ভবিষ্যতে উপজেলার শিক্ষার সার্বিক পরিবেশের জন্য দুঃসংবাদ বয়ে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কাপাসিয়ার এমপি সালাহউদ্দিন আইউবী।
শিক্ষা ব্যবস্থার এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করে কার্যকর পদক্ষেপ নিতে শিক্ষক সমাজকে আহ্বান জানান তিনি। কাপাসিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের নিয়মিত অংশ হিসেবে টোকে অবস্থিত শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ পরিদর্শনকালে সালাহউদ্দিন আইউবী কলেজের বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
শিক্ষক ও পরিচালনা পর্ষদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, "কাপাসিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে রেজাল্টের যে ভরাডুবি লক্ষ্য করা যাচ্ছে, তা অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় সংকট তৈরি হতে পারে। এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ সম্ভব, তা নিয়ে সবাইকে এখনই গভীরভাবে চিন্তাভাবনা করে কাজ করতে হবে।" একই সাথে তিনি কলেজের ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগতসার্বিক উন্নয়নে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন।
পরে তিনি টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শত শত উৎসাহিত শিক্ষার্থী তাঁর সাথে কথা বলতে ও মুসাফাহ করতে এগিয়ে আসে। তিনি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার জার্সি বিতরণ করেন এবং পড়ালেখার পাশাপাশি সৎ ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা দেন। দিনের শেষ ভাগে সালাহউদ্দিন আইউবী উজলী দিঘীরপাড় জেইউ আলিম মাদ্রাসায় যান। সেখানেও তিনি শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী ও জার্সি তুলে দেন।
আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "খেলাধুলা আমাদের জীবনে লিডারশিপ বা নেতৃত্ব শেখার একটি চমৎকার মাধ্যম। খেলায় যেভাবে একজন ক্যাপ্টেনের নির্দেশে পুরো দল পরিচালিত হয়, ঠিক তেমনি আমাদের বাস্তব জীবনে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুষ্ঠু গাইডলাইন ও শৃঙ্খলার প্রয়োজন রয়েছে।"
দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন টোক ইউনিয়নের জামাত ইসলামের সাবেক সভাপতি উপজেলা কর্মপরিষদের সদস্য এএইচএম জিয়াউর রহমান, ইউনিয়ন সভাপতি মোঃ আক্তার হোসেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সকালে তিনি নজরুল শতবর্ষ উদযাপনের শুভ উদ্বোধন করেন উপজেলা জেলা মিলনায়তনে। এতে সভাপতিত্ব করে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো হাফিজুল হক।
(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৬)
