সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
আজ মঙ্গলবার সকালে শহীদ সৈকত চত্বরে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ দলের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনাতলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে সোনাতলার রাস্তাঘাট, সেতু সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ শুরু হয়েছে এবং এসব উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বাদ্যযন্ত্রের পাশাপাশি সুসজ্জিত ঘোড়ার গাড়ি অংশ নেয়। ব্যতিক্রমী এই আয়োজন উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৬)
